পোশাক শ্রমিকদের বাড়িভাড়া ৪০ শতাংশ কম রাখার আহ্বান

আপডেট : ১০ মে ২০২০, ১৯:১৪

করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া কমানোর জন্য এলাকার সব জনপ্রতিনিধির নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রবিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরে আলহাজ্ব তৈয়ব আলী মডেল স্কুল মাঠ ও আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০০ অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান। 

এ সময় তিনি নিজের নির্বাচনী এলাকার সকল বাড়িওয়ালাদের ৪০ ভাগ ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন।

আরো পড়ুন : করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনের ভয়ংকর আঁতাত ফাঁস!

প্রতিমন্ত্রী বলেন, মহামারি করোনা ভাইরাসে যখন বিপর্যস্ত গোটা বিশ্ব, তখন মানবতার জননী, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। এই জটিল পরিস্থিতিতে সমাজের যে যার অবস্থান থেকে তৈরি পোশাক শ্রমিকসহ কর্মহীন অসহায়, দুঃস্থ মানুষদের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব। একটি মানুষকেও আমরা না খেয়ে থাকতে দেবো না।  এরপর প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ও দুস্থদের বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ বিতরণ করেন।

 

ইত্তেফাক/ইউবি