শেরপুর-১ (সদর) আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও পরিবেশকে সংঘাতময় করার অপচেষ্টার প্রতিবাদে রবিবার বিকালে এ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক সংবাদ সম্মেলন করেছেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি লিখিত বিবৃতিতে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, বানচাল ও সংঘাতময় করে তোলার জন্য জামায়াত-বিএনপি’র সন্ত্রাসী বাহিনী বিভিন্ন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করে। এ গুন্ডা বাহিনীর হামলায় গৌরীপুর কেন্দ্রে পাঁচজন, লছমনপুর মোল্লাপাড়া কেন্দ্রে একজন, পাকুরিয়া খামারপাড়া কেন্দ্রে একজন, চাপাতলী কেন্দ্রে তিনজন, চরপক্ষীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচজনসহ মোট ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে শেরপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক চান উপস্থিত ছিলেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
