যাত্রাবাড়ীতে প্রকাশ্যে ৫৬ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১০ মে ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রকাশ্যে সাইফুল ইসলাম সবুজ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম সবুজ ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস এন্টারপ্রাইজ ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাইফুল ইসলাম সবুজ জানান, যাত্রাবাড়ীর কাজলা বউবাজারে তাদের অফিস। সেখান থেকে দুটি ব্যাগে ব্যবসার ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে বের হন তিনিসহ দুজন। মোটরসাইকেলযোগে তারা মতিঝিল ফরেন এক্সচেঞ্জ যাচ্ছিলেন। জনপদ মোড়ে (হানিফ ফ্লাইওভারের নিচে) আসামাত্র একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন রাস্তায়। একপর্যায়ে অপর দুই মাটরসাইকেলে থাকা চার জন রড দিয়ে সাইফুলকে মারতে থাকে। পরে তাদের কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আতঙ্ক সৃষ্টি করতে পালানোর সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ছিনতাইকারীরা। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।