যুক্তরাষ্ট্রের ১১২ বছর বয়সী যোদ্ধার মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:১১

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষীয়ান যোদ্ধা রিচার্ড ওভারটন ১১২ বছর বয়সে মারা গেছেন। গত বৃহস্পতিবার টেক্সাসে তার মৃত্যু হয়। বিবিসি’র এক খবরে বলা হয়েছে, ওভারটন মার্কিন সেনাবাহিনীর অল-ব্ল্যাক ইউনিটে তিন বছর কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ‘কমব্যাট অপারেশন ও বিচ ল্যান্ডিং’ এ যুক্ত ছিলেন।

১৯০৬ সালের ১১ মে জন্মগ্রহণ করেন ওভারটন। ওই বছরে প্রথম বেতারের সম্প্রচার হয়। তার বয়স যখন পাঁচ বছর তখন টাইটানিক জাহাজ ডুবেছিল। তিনি এই দীর্ঘায়ুর জন্য সৃষ্টিকর্তাকে কৃতিত্ব দেন। স্থানীয় একটি টেলিভিশনকে তিনি এক সাক্ষাত্কারে বলেছিলেন, ১৮ বছর বয়স থেকে চুরুট খাই। তাও দিনে ১২টা করে। মদও পান করি। প্রতিদিনই অগন্তুকরা তার বাড়িতে যেত তার সঙ্গে একটি ছবি তুলবে বা করমর্দন করতে। ২০১৩ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে সম্মাননা জানান। সেই অনুষ্ঠানে কমেডিয়ান স্টিভ হার্ভে তার দীর্ঘায়ুর গোপন তথ্য জানতে চান। জবাবে ওভারটন বলেন, শুধু বাঁচো, মরে যেও না।