ধানের শীষের পর মহাজোটের মনোনয়নে এবার নৌকা প্রতীকে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর উপজেলা ও সিরাজদীখান) আসন থেকে সাংসদ হলেন মাহী বি চৌধুরী। রবিবার রাত পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এই আসনের ১৬৭টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪০ হাজার ৫১৬ জন ভোটার ছিলেন। এর মধ্যে মধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শাহ মোয়াজ্জেম হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।
এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে একবার সাংসদ হয়েছিলেন মাহী বি চৌধুরী। ২০০১ সালে এই আসন থেকে ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হন। এরপর তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০০২ সালে বিএনপির মনোনয়নে তার ছেলে মাহী বি চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
অভিসংশনের মুখোমুখি হয়ে বাবা বি চৌধুরীকে জোট সরকারের রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়। এরপর মাহীও বিএনপি থেকে পদত্যাগ করেন। বাবার তৈরি দল বিকল্পধারায় যোগ দিয়ে এই আসন থেকে নির্বাচনও করেন মাহী বি চৌধুরী।
আরো পড়ুন: জয়ের পথে বাংলাদেশের ‘আয়রন লেডি’: এপি
কিন্তু এরপর আর নির্বাচিত হতে পারেননি। শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিকল্প ধারা মহাজোটভূক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনেই নৌকা প্রতীকে বিজয়ী হলেন মাহী।
ইত্তেফাক/কেআই
