রাজশাহী বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী

আপডেট : ১১ মে ২০২০, ১৮:২৮

রাজশাহী বিভাগে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী। বিভাগের আট জেলায় সোমবার (১১ মে) পর্যন্ত সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ২২৩ জনে দাঁড়িয়েছে। বিভাগের সবচেয়ে বেশি ৭০ রোগী শনাক্ত হয়েছে নওগাঁয়। সোমবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত রাজশাহী বিভাগে নতুন শনাক্ত হয়েছেন ১৬ জন। এ সময় পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ জন।

স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫, নাটোরে ১২, জয়পুরহাটে ৪৮, বগুড়ায় ৩৯, সিরাজগঞ্জে ৬, পাবনায় ১৬ ও নওগাঁয় ৭০ জন।

গত ২৩ এপ্রিল প্রথম নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা শনাক্ত হয়। এরপর ২ মে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সরকার দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের করোনা শনাক্ত হয় ঢাকায়। ২৮ এপ্রিল তিনি নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরেন। 

প্রায় ৬৫ বছর বয়সী সাংসদ শহীদুজ্জামানের করোনা শনাক্তের পর নওগাঁর প্রায় শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের নমুনা পরীক্ষা শুরু হলে ৫ মে এক দিনেই তিন চিকিৎসক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়। সোমবার সংখ্যাটি বেড়ে হয়েছে ৭০।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোরে একজন করে দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখন ৫৭ করোনা রোগী হাসপাতালে এবং বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। করোনামুক্ত থাকতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগীয় এই কর্মকর্তা। 

ইত্তেফাক/এসআই