করোনা আমাদের অনেককিছুর শিক্ষা দিয়েছে :নিপুণ

আপডেট : ১১ মে ২০২০, ২০:২৬

বিনোদন রিপোর্ট

 

এই সঙ্কটময় সময়ে চিত্রনায়িকাদের ভেতরে প্রথমেই যিনি মানবতার কাজে এগিয়ে এসেছেন তার নাম নিপুণ। করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই মানুষকে সচেতন করে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা। সহযোগিতা করছেন সমাজের নানা শ্রেণির মানুষকে। রমজান মাস উপলক্ষেও মাসব্যাপী এফডিসির মানুষদের জন্য ইফতার পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি ঢাকার বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশকে ইফতার করিয়েছেন। মা দিবসে তাদেরই সহযোগিতায় এক বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে দাঁড়ালেন এই নায়িকা। একটি ভিডিও বার্তায় নিপুণ বলেন, বিশ্বের সকল মাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মা দিবসটা আমি উত্সর্গ করেছি এমনকিছু মাকে, যাদের দেখলে অনেকেই চমকে যাবেন। আমি দেখা করতে এসেছি রাজধানীর আপন নিবাস বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে। এখানে অনেক মা আছেন। ওনারা কীভাবে এখানে দিনযাপন করছেন, এখানে না আসলে সেটা বুঝবেন না। আজ আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে মা দিবসে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে—আপনারা একবার আপন নিবাস টাইপের বৃদ্ধাশ্রমগুলো খুঁজে বের করুন। সেখানে যান একটু খাবার দেন। আজকেও আমি এখানে আসার পরে দেখলাম বার্ধক্যজনিত কারণে দুজন মারা গেছেন। খুব কষ্টে কাটে বৃদ্ধাশ্রমের মায়েদের দিন। আসুন তাদের পাশে দাঁড়াই।’ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ। অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন তিনি। নিপুণ বলেন, ‘মানুষের পাশে থাকতে পারছি এটাই বড় কথা। অর্থ-ক্ষমতা সবই আজ মূল্যহীন, এই বোধটিই আমাদের এই সঙ্কটকাল দেখিয়ে দিলো। করোনা আমাদের অনেককিছুর শিক্ষা দিয়েছে।’