পুত্রসন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত সেই নারী

আপডেট : ১১ মে ২০২০, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীর করোনা আক্রান্ত সেই গর্ভবতী নারীর পুত্র সন্তান হয়েছে। গত ৬ মে বংশালের কসাইটুলীর করোনা উপসর্গযুক্ত এক নারীর প্রসব বেদনা উঠলে স্থানীয় হাসপাতালে চিকিত্সা করাতে না পেরে তার স্বামী বংশাল থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন। ঐ দিনেই সেই নারীর করোনা টেস্ট করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তারা বাড়িতে রেখে গর্ভবতী সেই নারীর সেবা করতে থাকেন। ৭ মে সেই নারীর কোভিড-১৯ পজিটিভ আসে। গতকাল সোমবার সকালে সেই নারীর প্রসব বেদনা শুরু হলে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে তার স্বামী আবারও থানা পুলিশের সহায়তা চান।

বংশাল থানার ওসি শাহীন ফকির পুলিশের একটি টিম নিয়ে ঐ বাসায় গিয়ে স্বামী এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক পরিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ঐ নারীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান।