১৬২ পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত

আপডেট : ১১ মে ২০২০, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ জনে; যা গত শনিবার ছিল ১ হাজার ৫০৯ ও রবিবার ছিল ১ হাজার ৫৯৪ জন। কোয়ারেন্টাইনে থাকা পুলিশের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন সাত পুলিশ সদস্য।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮১০ জন। রবিবার এই সংখ্যা ছিল ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের কনস্টেবলদের সংখ্যাই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সারাদেশে করোনা আক্রান্ত সন্দেহে আরো ১ হাজার ১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮০৩ জনকে। এ পর্যন্ত ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিত্সা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।