চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার ৪৯টি নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি ইত্তেফাককে বলেন, গত রবিবার মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত তথ্যে বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষা করে মোট ২২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই ২২ জনের মধ্যে চট্টগ্রামের ১৪ জন এবং নোয়াখালী জেলার আট জন আছেন। চট্টগ্রামের ১৪ জনের মধ্যে মহানগরীতে ১১ জন এবং মিরসরাই, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলায় মোট তিন জন। মহানগরীর আগ্রাবাদ হাজী পাড়া, নাসিরাবাদ মেয়র গলি, সরাইপাড়া, একে খান এলাকা, উত্তর কাট্টলী, মুন্সীপাড়া, কর্ণেল হাট ও ফিল্ড হাসপাতালে এক জন করে এবং হালিশহর এলাকায় দুই জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী পাওয়া গেছে।
অন্যদিকে সিভাসু ল্যাবে গত শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয় এবং এর ফল জানানো হয় রবিবার মধ্যরাতে। এতে মোট ৫৩টি নমুনায় করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। তিনি জানান, ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম জেলার ৩৫ জন রয়েছেন। এর মধ্যে মহানগরী এলাকার দুই জন এবং বাকিগুলো বিভিন্ন উপজেলার। এছাড়া ফেনী জেলার সাত জন, লক্ষ্মীপুরের তিন এবং নোয়াখালী জেলার আট জন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে গত রবিবার মধ্যরাত পর্যন্ত সর্বমোট ২৬৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন এবং মারা গেছেন ১৮ জন।
