ঢাকা-৫ সংসদীয় আসন শূন্য ঘোষণার গেজেট ইসিতে

আপডেট : ১২ মে ২০২০, ০০:৫১

ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। আওয়ামী লীগ দলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় গত রবিবার সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। গত বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান এমপি হাবিবুর রহমান মোল্লা। ৭৮ বছর বয়সি এই সংসদ সদস্যের স্ত্রী, তিন ছেলে ও মেয়ে রয়েছে। গত ৭ এপ্রিল হূদেরাগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। হাবিবুর রহমান মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।