বগুড়ায় ঢাকাফেরত এক যুবকসহ আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহামন তুহিন সোমবার রাত ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের একজনের বাড়ি সদর উপজেলার বাঘোপাড়ায়। তার বয়স ৩৮ বছর। তবে তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন নাকি অন্য জেলা থেকে সংক্রমিত হয়েছেন সেবিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হতে পারেনি।
তিনি আরও জানান, আক্রান্ত ২৭ বছরের অপর যুবকের বাড়ি শহরের রহমান নগরের কাজিখানা এলাকায়। তিনি বগুড়ায় বেসরকারি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত। তবে দুই সপ্তাহ আগে তিনি ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরেন। দু’জনের নমুনাই ১০ মে সংগ্রহ করা হয়। ওই দুজনের মধ্যে যার বাড়ি বাঘোপাড়ায় তার তেমন কোন উপসর্গ নেই। তবে রহমাননগরের সেই যুবকের কিছুটা জটিলতা আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে।
তিনি বলেন, সোমবার ওই দুই দু’জনসহ বগুড়ায় এ পর্যন্ত মোট ৪১জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন নয়জন। বাকি ৩২ জন চিকিৎসাধীন।
ইত্তেফাক/এএম
