সংবাদ প্রকাশের পর দখল মুক্ত খেলার মাঠ

আপডেট : ১২ মে ২০২০, ১২:৪৫

উপজেলার বারুহাস ইউনিয়নের সাচান দিঘী গ্রামের প্রায় ৯ বিঘা আয়তনের ১টি খেলার মাঠ বেদখলদারদের হাত থেকে রক্ষার্থে প্রতিবাদ জানান ওই গ্রামের রনি, হোসেন, সাদ্দাম, সাগর প্রমুখ তরুণরা। মঙ্গলবার তাদের প্রতিবাদের সংবাদটি দৈনিক ইত্তেফাক অনলাইনে প্রকাশিত হলে তা সংশ্লিষ্টদের নজরে আসে। সোমবার খেলার মাঠটি অবৈধ দখল মুক্ত করা হয়।

এদিকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে সু বিশাল খেলার মাঠটি খেলাধুলার উপযোগী করে দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন সেই প্রতিবাদী তরুণরা। মঙ্গলবার সকালে মাঠের এক পাশে দাঁড়িয়ে তারা সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা সার্ভেয়ার আব্দুল খালেক জানান, সাচান দিঘী খেলার মাঠের নামে রেকর্ডিয় ২ একর ৭৪ শতাংশ জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে। একই সাথে বেদখলদার সাইদুর ইসলাম, মোজদার হোসেন, সুলতান আহমেদ ও আফজাল হোসেনকে মাঠের জায়গা থেকে সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, দৈনিক ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশের পর সাচান দিঘী খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি