বিদ্যমান শুল্ক কমানো ও সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবি জানিয়েছে বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার পাবনা ও ময়মনসিংহে পৃথক মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবার কথাও বলেন বিড়ি শ্রমিকরা।
পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম প্রমুখ। মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মো. রবিন মিয়া প্রমুখ। মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিড়িতে বিদ্যমান শুল্ক ২০২০-২১ অর্থ বছরে কমাতে হবে। বিড়ি শ্রমিকদের সপ্তাহে ৬ দিন কাজের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। বিদেশী প্রতিষ্ঠানের সিগারেটের দাম বাড়াতে হবে। ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেন বলেন, বিড়ি শিল্পের সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত। সমাজের অসহায় মানুষ বিড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে। করোনা ভাইরাসের কারণে তারা কর্মহীন। সরকারিভাবেও এসব শ্রমিকরা সাহায্য-সহযোগিতা পাচ্ছে না। ফলে বিড়ি শ্রমিকরা অনেক কষ্টে জীবন-যাপন করছে। এ অবস্থায় আমাদের দাবিসমূহ মানতে হবে।
ইত্তেফাক/আরএ
