স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় দলের ১৫ ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তোলা হয়েছিল সোমবার রাতে। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালদের স্বাক্ষরিত ব্যাটটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। অনলাইন নিলাম প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশন এই নিলাম পরিচালনা করেছে।
অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট স্মারক সংগ্রাহক মাসুদ এই ব্যাটটি এক নিলাম থেকে সংগ্রহ করে এতদিন নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। করোনা দুর্গতদের সাহায্যার্থে বিনা স্বার্থে ব্যাটটি নিলামে তোলেন তিনি। ব্যাটের বিক্রিত অর্থ যুক্ত হবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে। ব্যাটের ভিত্তি মূল্য ছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা।
গত সোমবার রাতে নিলামের শেষ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন সাকিব। ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন এই বাঁ-হাতি ক্রিকেটার।
এর আগে গত বিশ্বকাপে ৬০৬ রান করা প্রিয় এসজি ব্যাটও নিলামে তুলেছিলেন সাকিব। যা ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল। এই অর্থ করোনা সংকটে অসহায়, দুঃস্থদের জন্য সাহায্যে ব্যবহার করা হচ্ছে। কঠিন এই সময়ে নানা উপায়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সাকিব। সোমবার ব্যাট বিক্রির মাধ্যমে এবার তার তহবিলে যুক্ত হলো আরো ৩ লাখ টাকা।
