এই সময়ের ছড়া
লুত্ফর রহমান রিটন
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
সারাটা জীবন অন্ধের মতো টাকার পেছনে ছোটার জন্যে?
শুধুই ফুর্তি লোটার জন্যে?
সতীর্থদের ল্যাং মেরে মেরে ওপরে শীর্ষে ওঠার জন্যে?
‘কাগজের ফুল’ প্রতারণা করে গোলাপের রূপে ফোটার জন্যে?
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
নীতিহীনতার যাপিত জীবনে ‘নীতির গল্প’ বলার জন্যে?
অলীক শিল্পকলার জন্যে?
আভিজাত্যের মুখোশে নিজের রূপ ঢেকে ঢেকে চলার জন্যে?
অপরের দ্যুতি চুরি করে করে মিছে আলো হয়ে জ্বলার জন্যে?
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
নয়টা-পাঁচটা কেরানির ছকে জীবনের ঘানি টানার জন্যে?
বুজরুকি আইন মানার জন্যে?
শিবের গীতটা গাইবার ছলে অহেতুক ধান ভানার জন্যে?
নিজ নাক কেটে পরের যাত্রা ভঙ্গের কথা জানার জন্যে?
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
স্বপ্নের বাড়ি দামি শাড়ি গাড়ি কিছু ভালো খাওয়া-পরার জন্যে?
মৃত্যুর সাথে লড়ার জন্যে?
টানাপড়েনের সংসারে রোজ ‘ঝরা পাতা’ হয়ে ঝরার জন্যে?
ধুলায় মলিন একঘেয়ে দিন রোজই শেষ ট্রেন ধরার জন্যে?
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
প্রাতিষ্ঠানিক শিক্ষার নামে সার্টিফিকেট কেনার জন্যে?
কিস্তি ও ধার-দেনার জন্যে?
শ্রেণি সংগ্রামে রক্তে ও ঘামে লড়াকু মুক্তিসেনার জন্যে?
সখী তুমি কার মিছে সংসার কে আপন পর চেনার জন্যে?
বাঁচি কী জন্যে? বাঁচি কী জন্যে?
কিছু লোকে সব লুটেপুটে খাবে মুখ বুজে সেটা দেখার জন্যে?
প্রেমের কবিতা লেখার জন্যে?
নেতাদের কাছে ধনী হইবার শর্টকাট পথ শেখার জন্যে?
সব মরে যাক। আমি বেঁচে থাকি। পৃথিবী আমার একার জন্যে!!?
বাঁচি কী জন্যে?...বাঁচি কী জন্যে??...
অটোয়া ১০ মে ২০২০
