রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৩ শতাধিক ঘর পুড়ে গেছে

আপডেট : ১২ মে ২০২০, ২১:২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে তিন শতাধিক ঘর ও দোকান পুড়ে হয়েছে। মঙ্গলবার সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ই-ওয়ান ব্লকের আলী হোসেন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৩১২টি ঝুঁপটি ঘর ও দোকান পুড়ে গেছে।

আরো পড়ুন : উহানে ১০ দিনে এক কোটির বেশি মানুষকে করোনা পরীক্ষা 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে আমরা আহত কাউকে দেখতে পায়নি। 

 

ইত্তেফাক/ইউবি