আফগানিস্তানে গ্রেপ্তার আইএস নেতা খোরাসানি

আপডেট : ১২ মে ২০২০, ২১:২৮

বিবিসি

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দক্ষিণ এশিয়া ও দূরপ্রাচ্য অঞ্চলের নেতা শেখ ওমর খোরাসানিকে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসের আরো দুই জ্যেষ্ঠ নেতাসহ তাকে আটক করা হয় বলে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে। তালেবান আফগানিস্তানের প্রধান জঙ্গি গোষ্ঠী হলেও, দেশটির কিছু অংশে আইএসের সক্রিয়তা আছে। এই জঙ্গি গোষ্ঠীটি কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে।

খোরাসানির গ্রেপ্তারের খবর নিশ্চিত হলে, তা আইএসবিরোধী লড়াইয়ে একটি বড়ো ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে। গ্রেপ্তার অন্য দুই জনের মধ্যে এক জন খোরাসানির মুখপাত্র সাহিব ও অন্য জন গোয়েন্দা প্রধান আবু আলি বলে জানানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার জ্যেষ্ঠ আইএস সদস্যের দেওয়া তথ্য এবং নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার জোগাড় করা তথ্যের ওপর নিভর করে তাদের গ্রেপ্তারের অভিযানটি চালানো হয়।