নিউ ইয়র্কে ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি

আপডেট : ১৩ মে ২০২০, ০০:৩৮

করোনা ভাইরাসকে তোয়াক্কা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বিতর্ক চলছেই। এরই মধ্যে এই প্রশাসনের গাফিলতিতে যুক্তরাষ্ট্রে কী পরিমাণে মানুষ মারা যাচ্ছে তা দেখাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে টানানো হয়েছে সুবিশাল একটা ঘড়ি। এর নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডেথ ক্লক’ বা ‘ট্রাম্পের মৃত্যুঘড়ি’।

সুবিশাল বিল বোর্ডে রাখা ঘড়ির নিচে লেখা : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গাফিলতির জন্য সংখ্যাটা এমন হতে পারে। বিল বোর্ডে ঘড়িটি টানিয়েছেন দুই বারের পুরস্কার জয়ী নিউ ইয়র্কের জনপ্রিয় চলচ্চিত্রকার ইউজিন জারেকি। খবর এনবিসি নিউজের

সোমবার পর্যন্ত ঘড়িটির মাধ্যমে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি মানুষ (বর্তমানে ৮২ হাজার ১৮ জন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের গাফিলতিতে প্রাণ গেছে ৪৮ হাজারের অধিক লোকের। এক সপ্তাহ আগে আমেরিকায় বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব চালু করা হলে এসব মানুষকে মরতে হতো না। পরে এক পোস্টে জারেকি লিখেছেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আমেরিকায় গত ১৬ মার্চ পর্যন্ত সামাজিক দূরত্ব বাধ্যতামূলকভাবে চালু করা হয়নি। স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা রাখা হয়েছিল। ৯ মার্চ থেকে সামাজিক দূরত্ব মানা হলে এত মানুষের প্রাণ যেত না আমেরিকায়।

মাস্ক পরবেন না ট্রাম্প

হোয়াইট হাউজে কর্মরত সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই দপ্তরের তিন জন শীর্ষ কর্মকর্তা কোয়ারেন্টাইনে আছেন। সহকর্মীদের মধ্যে দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি মাস্ক পরবেন না। এর কারণ হিসেবে বলেন, তিনি অন্যদের থেকে দূরে থাকেন। তিনি বলেন, হোয়াইট হাউজ সংক্রমণ এড়াতে ভালো কাজ করছে।