ভারতে বাড়ছে লকডাউনের মেয়াদ, আসছে নতুন নিয়ম

আপডেট : ১৩ মে ২০২০, ২০:১৫

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারত জুড়ে রয়েছে লকডাউন। এই লকডাউনের মেয়াদ শেষ হলে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে চতুর্থ ধাপের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন মোদি। তবে সেই লকডাউনের পদ্ধতি হবে সম্পূর্ণ নতুন।

ভারত জুড়ে তৃতীয় ধাপে ১৭ মে পর্যন্ত লকডাউন চলছে। ১৮ মের আগেই ঘোষণা করা হবে নতুন লকডাউন। তবে কি পদ্ধতিতে লকডাউন দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানান নি মোদি।

মোদি বলেন, বিজ্ঞানীরা জানিয়েছেন জীবনের বড় একটি অংশ জুড়ে করোনা ভাইরাস আমাদের সঙ্গে থাকবে। কিন্তু এর জন্য আমাদের জীবন সীমাবদ্ধ রাখতে পারি না। আমরা মাস্ক পড়বো এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব। তবেই ভাইরাস আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। এ সময় নতুন লকডাউন ১৮ মের আগেই ঘোষণা করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: লকডাউন শিথিলের পর খুলে দেওয়া হয়েছে দুবাইয়ের পার্ক ও হোটেল

বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫২৫ জন।

ইত্তেফাক/আরআই