তথ্যপ্রযুক্তি ডেস্ক
টুইটার নিজেদের কর্মীদের আজীবন বাসায় থেকে অফিস করার অনুমতি দিয়েছে। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি এক ইমেইলে কর্মীদের এই অনুমতি দেন। কর্মীরা চাইলে সব কাজ বাসায় বসেই করতে পারবেন।
টুইটারের মুখপাত্রদের একজন দ্য গার্ডিয?ানকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় টুইটার প্রথম দিকের প্রতিষ্ঠানগুলোর একটি যারা কর্মীদের বাসায় বসে কাজ করার সুযোগ দিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত সাময়িক হিসেবে নেওয়া হয়েছিল। আর এখন বাসায় বসে কাজের এ সিদ্ধান্তকে স্থায়ী করে দেওয়া হলো। এ ধরনের দৃষ্টান্ত টুইটারই প্রথম দেখালো। যারা বাসায় থেকে কাজ করে যাচ্ছেন, তাদের অফিসে না ফিরলেও চলবে!
তিনি আরো জানান, বাসা থেকে পরিচালনা করার পরও কাজের দিক থেকে প্রতিষ্ঠানটি এখনো ভালোভাবে সব কিছু সামলে নিচ্ছে। একই সঙ্গে কর্মীদের সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে তারা যেখানে বসেই কাজ করুক, দক্ষতার সঙ্গেই করতে পারেন। গত কয়েক মাসে এটা প্রমাণ হয়েছে যে আমরা আমাদের নির্ধারিত কাজগুলো বাসা থেকেই করতে পারছি।
তাই পরবর্তীরা কর্মীরা যদি (নিজেদের নিরাপত্তার কথা ভেবে) মনে করে তাদের বাসায় থেকেই কাজ করা উচিত, তাহলে তারা সেটা আজীবন চলিয়ে যেতে পারবেন। তবে যারা অফিস করতে চান, তাদের অন্তত সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২ মার্চ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রো ব্লগিং সাইট টুইটারের কর্মীরা অফিসের কাজ বাসায় করছেন।
