মেয়রের দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম

আপডেট : ১৩ মে ২০২০, ২২:২১

ডিএনসিসিতে আটটি করোনা

টেস্ট বুথ বসানোর ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মো. আব্দুল হাই। দায়িত্ব গ্রহণ শেষে তিনি অনলাইনে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে আতিকুল বলেন, ‘করোনা ভাইরাস পরীক্ষা আরো সহজ এবং হাতের নাগালে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিক্রমে ডিএনসিসি এবং ব্র্যাক যৌথভাবে নগরীর আটটি স্থানে করোনা স্যাম্পল কালেকশান বুথ এই সপ্তাহের মধ্যেই স্থাপন করবে।’

তিনি আরো বলেন ‘ডিএনসিসির উদ্যোগে কোভিড-১৯  টেস্টিং ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সাময়িকভাবে মহাখালী ডিএনসিসি মার্কেট করোনা হাসপাতাল ও আইসোলেশান সেন্টার নির্মাণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া করোনা দুর্যোগে মাঠে কাজ করা সংবাদকর্মীদের ও তাদের পরিবারের জন্য ডিএনসিসির মহাখালী কমিউনিটি সেন্টারে স্যাম্পল সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। করোনা মোকাবেলায় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনার চিকিত্সা সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।’