ঝালকাঠিতে মেয়ের হাতে বাবা খুন

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:১৭

কাঁঠালিয়ায় মেয়ের ছুড়ে মারা পিঁড়ির আঘাতে বাবা ক্ষিতিশ চন্দ্র শীলের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মেয়ে শুক্লা রানী পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মেয়ে শুক্লা রানী তার বাবার দিকে একটি পিঁড়ি নিক্ষেপ করে। পরে গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ চন্দ্রকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

এদিকে, গতকাল বুধবার ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার একটি স্যানিটারি কারখানার ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ঐ তরুণীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জানান, দুটি ঘটনারই তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরের কলেজ মোড় এলাকা থেকে যে তরুণীর লাশ পাওয়া গেছে, তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে।