প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন শ্রমজীবী মানুষের নগদ অর্থ প্রদানের যে কর্মসূচি গ্রহণ করেছেন তা একটি মানবিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে ১৪ দলীয় জোটের নেতারা বলেন, ‘করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশের এক ক্রান্তিকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি দরিদ্র, কর্মহীন ও শ্রমজীবী মানুষের জন্য নগদ অর্থ প্রদানের কর্মসূচি। এক জন মানবিক প্রধানমন্ত্রীর পক্ষে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা সম্ভব। অতিদরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে নগদ আড়াই হাজার টাকা করে দেওয়া হবে, এটি আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে শুধু তাদের মধ্যে স্বস্তিই দেবে না— তাদের মনে একটি আত্মবিশ্বাস সৃষ্টি হবে যে, তাদের জন্য একজন দরদি প্রধানমন্ত্রী আছেন। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সব সময় ছিল এবং আছে।’
১৪ দলের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান ও বাসদের রেজাউর রশীদ খান।
