লোহাগাড়ার ২৩ স্বাস্থ্যকর্মীর করোনার রিপোর্ট পাল্টে গেলো

আপডেট : ১৩ মে ২০২০, ২৩:৪৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২৩ স্বাস্থ্য কর্মীর নমুনা পরীক্ষায় বিআইটিআইডিতে করোনা পজিটিভ হলেও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নেগেটিভ রিপোর্ট আসে।। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে সেবা দিয়ে আসছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৩ স্বাস্থ্যকর্মী। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি)-তে।

রিপোর্টে সবার করোনা পজিটিভ আসে। রিপোর্ট নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় চট্টগ্রাম সিভিল সার্জনের পরামর্শে ১০ মে  ২৩ স্বাস্থ্যকর্মীসহ ২৭ জনের রিপোর্ট পাঠানো হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। অবশেষে  ১২ মে মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্টে ২৩ জন স্বাস্থ্যকর্মীর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। বাকী ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। ফলে কেটে যায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আতংক। 

 এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে ২৩ জন স্বাস্থকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট সন্দেহ হলে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পুনরায় তাদের নমুনা পাঠানো হয় । তাদের নেগেটিভ রিপোর্ট আসে। ফলে সবার মাঝে স্বস্থি ফিরে আসে।

ইত্তেফাক/এসআই