বিএসএমএমইউতে কিট জমা দিয়েছে গণস্বাস্থ্য

আপডেট : ১৪ মে ২০২০, ০০:৫০

করোনা ভাইরাস শনাক্তকরণে নিজের উদ্ভাবিত ‘র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নমুনা জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বুধবার বেলা ১১টায় বিএসএমএমইউর গবেষক কমিটির কাছে কিটের নমুনা পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী বিজন কুমার শীল ও মহিবুল্লাহ খন্দকার।

পরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউ আমাদের উদ্ভাবিত কিটের ২০০ নুমনা জমা নিয়েছে। পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা যে ফি ছিল সেটাও আমরা জমা দিয়ে দিয়েছি। আশা করছি, কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন করে আগামী সাত দিনের মধ্যে তাদের রিপোর্ট ওষুধ প্রশাসনের কাছে দেবেন। এসময় তিনি বলেন, কার্যকারিতা পরীক্ষায় কোনোক্রমেই সাত দিনের বেশি সময় লাগা উচিত নয়। আশা করি, এ সময়ের মধ্যে আমরা একটি পজিটিভ ফলাফল পাব এবং দেশবাসীর জন্য এ কিট পর্যাপ্ত করে দেব।

ডা. জাফরুল্লাহ বলেন, পরীক্ষার ফলাফল পাওয়ার পর অনুমোদন দিতে দুই দিনের বেশি সময় লাগার কথা নয়। অনুমোদন পেলে সরকার যদি কিট নিতে চায় দেব এবং তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেব।

কার্যকারিতা পরীক্ষার প্রক্রিয়া জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, এখন উনারা (বিএসএমএমইউ) কম্পারিজনটা করবেন। তাদের কাছে যেসব রোগী আসে তার যে পিসিআর করে তারা টেস্ট করেন, সেভাবে এই ২০০ কিটও রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবেন, কম্পারিজন করবেন। এরপর তারা একটা প্রতিবেদন দেবেন।

বিএসএমএমইউতে কিট হস্তান্তর শেষে মহিবুল্লাহ খন্দকার সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউর গবেষক কমিটিকে আমরা বলেছি—ওনাদের যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, আমরা ওনাদের সাহায্য করব।