কোভিড-১৯ আক্রান্ত নন এমন রোগীদের চিকিত্সা নিশ্চিত করতেও দেশের সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল এসব নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ‘শাস্তিমূলক ব্যবস্থা’, এমনকি লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত তিনটি নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল জানিয়েছে।
তাতে বলা হয়েছে, সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিত্সার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিত্সা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিত্সার জন্য আসা কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিত্সা নিচ্ছেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিত্সা স্বাভাবিক নিয়মে অব্যাহত রাখতে হবে।
