ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে গত ৪ এপ্রিল লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাটবীজ নিয়ে আসা ৬১টি ট্রাকের চালককে ৩৮ দিন পর ফেরত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বুড়িমারী স্থলবন্দর থেকে তারা ট্রাক নিয়ে ভারতে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ভারতের ঐ বন্দরে ১৪ দিন আটকে থাকার পর উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাটবীজ বাংলাদেশে নিয়ে আসা হয়। কিন্তু পাটবীজগুলো খালাস করার পর থেকে ট্রাক ও চালকদেরকে নিজ দেশে ফেরত নেয়নি ভারত।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ট্রাক থেকে পাটবীজ খালাসের পর গাড়ি নিয়ে চালকেরা ভারতে ফেরত যেতে চাইলে বুড়িমারী জিরোপয়েন্টে আটকে দেয় বিএসএফসহ ভারতীয় কর্তৃপক্ষ। এরপর দফায় দফায় দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা আলোচনা করেও বিষয়টির কোনো সুরাহা করতে পারেনি। ফলে ৩৮ দিন স্থলবন্দরের ইয়ার্ডের মধ্যে ট্রাক চালকদের রাখা হয়েছে।
দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্পরতায় অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিক্রমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-বিজিবি ও স্থলবন্দর কর্মকর্তা, কাস্টমস্ সহকারী কমিশনার সোমেন কুমার চাকমার উপস্থিতিতে ট্রাকসহ চালকদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।
এবিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার সোমেন কুমার চাকমা বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের অনুমতিক্রমে মঙ্গলবার বিকালে ভারতীয় ট্রাক চালকরা আমাদের উপস্থিতিতে তাদের দেশে ফেরত গেছে।’
ইত্তেফাক/বিএএফ
