বগুড়ায় পুলিশ-চিকিৎসকসহ আরও ৫ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। অপর দুজন ব্যাংক কর্মকর্তা।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ১০টায় নতুন করে ওই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ জনের মধ্যে ব্যাংক কর্মকর্তা দুজনের একজন ঢাকা ফেরত এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুই পুলিশ এবং চিকিৎসক করোনায় আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। বুধবার ৫ জনসহ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জন। তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার ৯৬টির মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন বগুড়া জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই), কাহালু উপজেলার দুই ব্যাংক কর্মকর্তা ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক। চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
ইত্তেফাক/এমআরএম
