মহালছড়িতে উপসর্গ ছাড়াই ২ করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৪ মে ২০২০, ১৯:৪৪

খাগড়াছড়ির মহালছড়িতে সর্বপ্রথম কোন উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে  ২ রোগী শনাক্ত হয়। ২ জন করোনা রোগীর মধ্যে একজন মনাটেক গ্রামের ২৪ বছরের পুরুষ আর একজন ক্যায়াংঘাট গুচ্ছগ্রামের  ৫৫ বছর বয়সী এক নারী। মহালছড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনাটেক গ্রামের যে লোকটির করোনা শনাক্ত হয়েছে সে গত ১৯ এপ্রিল ঢাকার সাভার হতে নিজ বাড়িতে আসেন। সেখান থেকে আসার পর ২১ দিন প্রাতিষ্ঠানিক কোরান্টাইনে অবস্থান করার সময়ে গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয় এবং গত ১০ মে  কোরান্টাইনের মেয়াদ শেষ হয়। সুস্থ হিসেবে ১১ মে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্রও দেওয়া হয়। ছাড়পত্র দেয়ার ১ দিনের ব্যবধানে অর্থাৎ গত ১৩ মে তার করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট চলে আসে। 

ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম হতে ৫৫ বছর বয়সী যে মহিলার শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে সে মহিলাটি গত ২০ বছর ধরে হাঁপানি রোগে ভুগছেন। শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে সে গত ২৭ এপ্রিল মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের ১৫ দিন পর গত ১৩ মে তার করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর জানান, মহিলাটির কোন করোনা ভাইরাসের উপসর্গ নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। 

মহালছড়ির ২জন করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত বলেন, করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষাগারে পাঠানো হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম