আশুলিয়ায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাংচুর

আপডেট : ১৪ মে ২০২০, ২০:৩৪

সাভারের আশুলিয়ায় বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নরসিংহপুরে মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়েছে পুলিশ।

শিল্প পুলিশ জানায়, বুধবার কারখানার শ্রমিক কর্মচারীদের এপ্রিল মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও বেতন না পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু। এসময় কারখানার ভিতরে ভাঙচুর চালায় তারা। শ্রমিকদের বিক্ষোভ ও অব্যাহত ভাংচুরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর বারোটার দিকে পরিস্থিতি অবনতির ঘটলে কারখানার বাইরে থেকে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য কারখানার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি