ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের উপর শুনানি গতকাল মঙ্গলবার হাইকোর্টে শেষ হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামীকাল বৃহস্পতিবার ওই রিটের উপর আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। গতকাল আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিত্সা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের অনুমতি ব্যতীত এবং হাইকোর্টকে অবহিত না করে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার এ রিট করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
