ক্রিকেট ফিরছে উইন্ডিজে

আপডেট : ১৪ মে ২০২০, ২০:৫৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের এই প্রবল প্রকোপে বন্ধ হয়ে আছে সারা বিশ্বের খেলাধুলা। এর মধ্যে ক্যারিবিয়ানের দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে আগামী ২২ মে থেকে শুরু হতে যাচ্ছে ভিন্সি প্রিমিয়ার লিগ (ভিপিএল) টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। গত মার্চের পর এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশে ও আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে হতে যাচ্ছে ক্রিকেট ম্যাচ।

২২ থেকে ৩১ মে হবে ১০ ওভারের ক্রিকেটের এই টুর্নামেন্ট। ছয় দলের এই টুর্নামেন্টের এটিই হবে প্রথম আসর।

স্বীকৃত কোনো ক্রিকেট ম্যাচ সবশেষ হয়েছে গত ১৫ মার্চ পাকিস্তান সুপার লিগে। এরপর কোভিড-১৯ রোগের প্রকোপে বিশ্ব জুড়ে অন্য সব খেলার মতো বন্ধ হয়ে যায় ক্রিকেটও। সম্প্র্রতি অবশ্য প্রশান্ত মহাসাগরীয় দেশে ভানুয়াতুতে ক্রিকেট শুরু হয়েছে।

গত সোমবার টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছয় দল বেছে নিয়েছে ৭২ জন ক্রিকেটারকে। ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম ওয়েস্ট ইন্ডিজের তিন আন্তর্জাতিক তারকা পেসার কেসরিক উইলিয়ামস, বাঁহাতি ওবেড ম্যাককয় ও টপ অর্ডার ব্যাটসম্যান সুনিল আমব্রিস।

বলে থুথু বা লালা ব্যবহার না করা নিয়ে গত কিছু দিন যে আলোচনা চলছে, সেটি কার্যকর করার প্রথম টুর্নামেন্টও হতে যাচ্ছে ভিপিএল। বলে লালা ব্যবহার করা যাবে না এই টুর্নামেন্টের ম্যাচগুলোতে।

 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিশোর শ্যালো জানিয়েছেন, এই দ্বীপপুঞ্জে ১৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর ১০ জনই সুস্থ হয়ে উঠেছেন।