স্পোর্টস রিপোর্টার
টেস্ট অভিষেকেই ২০১২ সালে অ্যাডিলেডের দর্শকদের দুয়ো ধ্বনির মুখে পড়েছিলেন ফাফ ডু প্লেসিস। গত বুধবার রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে আট বছর আগে অস্ট্রেলিয়ান দর্শকদের হর্ষধ্বনির সামনে পড়ার বিষম অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সদ্য সাবেক অধিনায়ক। ক্রিকেট নিয়ে বাংলাদেশ, ভারতেও দর্শকদের মাঝে বিরাজ করে অনেক উন্মাদনা। ডু প্লেসিস রসিকতা করে বলেছেন, দক্ষিণ আফ্রিকার উচিত দর্শকহীন মাঠে বাংলাদেশ-ভারতের বিরুদ্ধে খেলা। ভাষা বুঝতে না পারলেও বাংলাদেশের দর্শকরা অস্ট্রেলিয়ানদের চেয়ে অনেক ভদ্র নয় বলে উল্লেখ করেছেন প্রোটিয়া এই ক্রিকেটার।
অ্যাডিলেডের দর্শকদের চিত্কারের তিক্ত অভিজ্ঞতা হজম করা প্রসঙ্গে লাইভে কথা বলছিলেন ডু প্লেসিস, তখনই তামিম বলে ওঠেন, বাংলাদেশের দর্শকদের ভালো দিক হলো, তারা যাই বলুক, তুমি বুঝতে পারবে না।
উত্তরে ডু প্লেসিস বলেন, হ্যাঁ।
তামিম আবারও বলেন, কিন্তু ইংলিশ হলে তুমি বুঝতে পারতে।
ডু প্লেসিস বলেন, হ্যাঁ আমি বুঝতে পারি। এবং পার্থক্য হলো বাংলাদেশ দর্শকরা অনেক বেশি ভদ্র নয় অস্ট্রেলিয়ার দর্শকদের চেয়ে।
লাইভে তামিমকে ডু প্লেসিস প্রশ্ন করেন, ‘দর্শকশূন্য মাঠে খেলতে কেমন লাগবে?’
জবাবে তামিম বলেছেন, ‘এভাবে খেলাটা আমার ভালো লাগবে না। মনে হবে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছি।’ তখন রসিকতা করেই দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বললেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ ও ভারতে দর্শকশূন্য মাঠে খেলা উচিত। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা মাঝে-মধ্যে অসম্ভব হয়ে পড়ে।’
