১১ জুন বাজেট ঘোষণা করতে চান অর্থমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২০, ২৩:২৩

করোনা ভাইরাসের সংক্রমণের মহামারির মধ্যেই শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১০ জুন (সম্ভাব্য) বুধবার শুরু হতে যাচ্ছে চলতি একাদশ সংসদের অষ্টম অধিবেশন। এটা হবে এ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ১১ জুন বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করার আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন। তার আগ্রহকে বিবেচনায় নিয়ে ১০ জুন অধিবেশন শুরু করার প্রস্তাবসংবলিত সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। 

অর্থমন্ত্রীর আগ্রহ প্রকাশ করে দেওয়া চিঠির বিষয়টি জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে বলেন, ‘অর্থমন্ত্রী ১১ জুন বাজেট প্রস্তাব পেশ করতে চান। যেহেতু আমাদের একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন (ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা), সেই কারণে রেওয়াজ  অনুযায়ী প্রথমদিন তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি করতে হবে—তাই ১০ জুন অধিবেশন ডাকার প্রস্তাব করে আমরা রাষ্ট্রপতির কাছে স্বারসংক্ষেপ পাঠাব।’ উল্লেখ্য, চলতি সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত বছরের ১৩ জুন একাদশ সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি  ছিল দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট। ঐসময় অর্থমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত থাকায় কয়েক মিনিট সূচনা বক্তব্য রাখেন। পরে তার পক্ষে পুরো বাজেট বক্তৃতাটি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল এবার যখন দ্বিতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন তখন বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইত্তেফাককে জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১৮ এপ্রিল এক কার্যদিবসের সপ্তম অধিবেশন হয়েছিল। এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই বাজেট অধিবেশন হবে। সংবিধান অনুযায়ী অধিবেশন না ডাকার কোনো উপায় নেই। সংবিধান মোতাবেক একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে আগামী ১৭ জুনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।