ভারতে পশ্চিমবঙ্গের হুগলী জেলার যে অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, সেখানকার বেশ কয়েকশ’ মানুষ আশ্রয় শিবিরে রয়েছেন। ঘর জ্বলেছে হিন্দু-মুসলমান দুই সম্প্রদায়ের মানুষেরই। তারা বলছেন, ঘরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে জীবন শুরু করতে হবে এদের।
হুগলী জেলার চন্দননগর লাগোয়া তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের দু’দিন পরে গতকাল সেখানে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বলছে এখনও পর্যন্ত ১২৯কে তারা গ্রেপ্তার করেছে, আটক করা হয়েছে আরো ২১ জনকে। চটকল এলাকার কয়েকশ’ ঘর দাঙ্গায় জ্বলে পুড়ে যাওয়ায় বহু মানুষ এখন স্থানীয় স্কুল বা আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর তার মধ্যেই কেউ কেউ নিজের ঘরে ফিরে গিয়ে খুঁজে দেখছেন যে কিছু অবশিষ্ট আছে কি না। -বিবিসি
