করোনা ভাইরাসে অ্যান্টিবডি পরীক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি

আপডেট : ১৫ মে ২০২০, ০০:৩৫

কেউ করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছে কি না তা দেখার জন্য উদ্ভাবিত একটি পরীক্ষা পদ্ধতি ইংল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদন পেয়েছে। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ পাবলিক হেলথ ইংল্যান্ড বলেছে সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি রোশ এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে এবং তারা বলছে এটি ‘খুবই ইতিবাচক অগ্রগতি’। এতে রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হবে কারো শরীরে ইতিমধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না যার ফলে তার এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা বলছিলেন এই পরীক্ষা যথেষ্ট নির্ভরযোগ্য নয়।

ব্রিটেনের সরকারি গবেষণাগারে গত সপ্তাহে রোশের এই পরীক্ষা পদ্ধতির মান ও কার্যকারিতা যাচাই করা হয় বলে পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে। তাদের মত হল এই পদ্ধতি ‘খুবই সুনির্দিষ্ট’। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন এটা প্রথমে জাতীয় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যকর্মী ও সামাজিক কেয়ার ব্যবস্থার কর্মীদের ব্যবহারের জন্য দেওয়া হবে। যুক্তরাজ্যের করোনা ভাইরাস টেস্টিং কর্মসূচির জাতীয় সমন্বয়ক অধ্যাপক জন নিউটন বলেছেন, এটা খুবই ইতিবাচক অগ্রগতি কারণ সংক্রমণের পর খুবই সুনির্দিষ্টভাবে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষার সম্ভাবনা এই রোগ প্রতিরোধের ব্যাপারে একটা আস্থার জায়গা তৈরি করবে। ভবিষ্যতে সংক্রমণ প্রতিরোধের ব্যাপারে এই পরীক্ষা একটা দিক নির্দেশনা দেবে, যদিও সেই প্রতিরোধ সক্ষমতা কতটা দৃঢ় হবে তা এখনো বোঝা যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার চিকিত্সা নিয়ন্ত্রকরাও ইতোমধ্যেই রোশের এই পরীক্ষা পদ্ধতি অনুমোদন করেছে। -বিবিসি