সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে একটি তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে কুচাইর মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)। আহত ব্যক্তির নাম কাওসার আহমদ।
খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায় এবং ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কাওসারকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত কাওসার জানান, পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি ওয়েল্ডিং করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। এসময় কমর উদ্দিন ও গাড়িচালক লরির ভেতরে ঢোকেন আর তিনি লরির ওপরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও আগুনের শিখা দেখতে পান। এর পর তিনি আর কিছু বলতে পারেননি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, পদ্মা ওয়েলের গাড়ি ওয়েলডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে।
ইত্তেফাক/এসি
