আগের দিন করোনা পজিটিভ পরের দিন নেগেটিভ!

আপডেট : ১৫ মে ২০২০, ১৯:৪৮

ময়মনসিংহের গৌরীপুরে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির করোনা পরীক্ষায় আগেরদিন পজিটিভ হলেও পরেরদিন আবার নেগেটিভ রিপোর্ট এসেছে। মাত্র একদিনের ব্যবধানে পুনরায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। 

জানা যায়, বুধবার (১৩ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ওই ব্যক্তি (৩২) করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পরদিন পুনরায় পরীক্ষার জন্য একই হাসপাতালের পিসিআর ল্যাব তার নমুনা পাঠানো হয়। মাত্র একদিনের ব্যবধানে পুনরায় নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ আসে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে জানানো হয়েছে, গৌরীপুরে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রবিউল ইসলাম জানান, অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বরগঞ্জ হাসপাতালে গত ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১৩মে) নমুনা পরীক্ষা শেষে কোন লক্ষণ ছাড়াই ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। পরদিন বৃহস্পতিবার পুনরায় তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ উপজেলায় ১৪ মে পর্যন্ত ১০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। 

ইত্তেফাক/এসি