থানা অবরুদ্ধ, পুলিশ সদস্যরা কোয়ারেন্টাইনে

আপডেট : ১৫ মে ২০২০, ১৯:৪৮

সিরাজগঞ্জের কাজিপুর থানার ৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কাজিপুর থানা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন। 

নির্বাহী কর্মকর্তা জাহিদ বলেন, বৃহস্পতিবার (১৪ মে) ৩ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার ফল করোনা পজেটিভ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আরও ৩ রোহিঙ্গার করোনা পজিটিভ

এ ঘটনায় সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, ৩ পুলিশ সদস্যের মধ্যে ২ জনকে তাদের বাসায় কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যজনকে বাগবাটি ৩১ শয্যার করোনাভাইরাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। 

সদর ও কাজিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান , একজন পরিদর্শক, দুইজন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক ও ১২ জন কনস্টেবলকে কাজিপুর থানার কাজ চালানো দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজিপুর উপজেলা ডাকবাংলো থেকে কাজ করবেন। এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসায় সদর থানার ওসি এবং একজন পরিদর্শককেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা থানায় না গিয়ে বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করছেন বলে জানান তিনি।

ইত্তেফাক/ এমএএম