স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী অঞ্চলে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৯৯ জন হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে ৩০ জন। শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ায়। এর পর ১৪ মে পর্যন্ত বিভাগের আট জেলায় ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। মারা গেছেন দুই জন। করোনা ভাইরাসের সঙ্গে লড়ছেন এখনও ২৪৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ১৯ জন। এর মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ছয় জন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছে ১৬ জন। তবে এখনও কেউ সুস্থ হননি, মারাও যাননি কেউ। নওগাঁয় শনাক্ত হয়েছে ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। নাটোরে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৩ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হননি। তবে মারা গেছেন একজন। জয়পুরহাটে শনাক্তের সংখ্যা ৮৭ জন। এ জেলায় সুস্থ হয়েছেন ২৪ জন, এখনো কেউ মারা যাননি। হাসপাতালে আছেন ৮২ জন। বগুড়ায় শনাক্তের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা ১৫ জন। পাবনায় শনাক্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে একজন মাত্র সুস্থ হয়েছেন।
