জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার শোক

আপডেট : ১৫ মে ২০২০, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

খ্যাতিমান শিক্ষক, লেখক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

গতকাল শুক্রবার এক টুইটে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, পদ্মভূষণ পুরস্কার বিজয়ী বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামানের বিদায়ের খবর জেনেছি। তিনি ছিলেন এ অঞ্চলের অন্যতম শীর্ষ বুদ্ধিজীবী। একজন মুক্তিযোদ্ধা এবং সত্যিকারের ধর্ম নিরপেক্ষ মানুষ। শিক্ষামনস্ক হওয়ার প্রকৃত পরিচয় তিনি দিয়ে গেছেন। টুইটারে হর্ষ বর্ধন শ্রিংলা অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেন। প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

এদিকে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী। গতকাল এক শোকবার্তায় তিনি আনিসুজ্জামানের আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পরিবার শোকস্তব্ধ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার নমুনা টেস্টে করোনা ভাইরাস পজিটিভ এসেছে।