করোনায় মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে ------------ ওবায়দুল কাদের

আপডেট : ১৫ মে ২০২০, ২২:৫৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল করোনায় মৃত্যু নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতত্পরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথা গুজব চালাচ্ছে।’ তিনি বলেন, এরই মধ্যে যারা মারা গেছেন, ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মারা গেছেন। প্রকৃতপক্ষে মৃত্যুর         পর পরীক্ষা করে দেখা যাচ্ছে কেউ পজিটিভ এবং নেগেটিভ দুটোই আসছে। এসব মৃত্যু নিয়েও অনেকে মিথ্যাচার করছে। তিনি বলেন, করোনা ভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন—তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া ১ কোটি মানুষের মধ্যে রেশন কার্ড এবং ৫০ লাখ মানুষের মধ্যে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।

পরে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিনিধির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিত্সা সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।