ধামরাইয়ে বকেয়া বেতনভাতার দাবিতে শ্রমিকদের অবরোধে পুলিশের জলকামান

আপডেট : ১৬ মে ২০২০, ১৬:৪৫

ঢাকার ধামরাইয়ে চলতি মাসসহ পাঁচ মাসের বকেয়া বেতন, ২০১৯ সালের উৎসব ভাতা, ২০১৪ সালের ওভার টাইমের দাবিতে শনিবার আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার সেই স্টিল মিলের শ্রমিকরা। এর আগে একই দাবিতে গত ১১ এপ্রিল তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। 

শনিবার বকেয়া বেতন ভাতার দাবিতে স্টিলমিল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিলে শিল্প পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এ সময় শিল্পপুলিশ কর্মকর্তা মহিউদ্দিন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং সাংবাদিকের ক্যামেরা থেকে ছবি ডিলিট করার চেষ্টা করেন।

ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপনসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ এ ঘটনার প্রতিবাদ করেন। এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুনরায় প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় ঘটনাস্থলের উভয় দিকে প্রায় তিন কিলোমিটার করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মৃদু লাঠিচার্জ ও জলকামানের সাহায্যে মহাসড়কে অবস্থানরত বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

এ সময় কারখানায় কর্তৃপক্ষের কারও সাক্ষাৎ পাওয়া যায়নি। চাকরি হারানো ও টাকা পয়সা না পাওয়ার ভয়ে নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত শ্রমিকরা জানান, কারো পাঁচ মাস আবার কারো আট মাসের বেতন বাকি রয়েছে। অনেকেই ২০১৯ সালের উৎসব ভাতা পায়নি। ২০১৪ সালের ওভার টাইম পায়নি। আবার অনেকে চাকরিচ্যুত হয়ে পিএফ এর টাকাও পায়নি। করোনা প্রাদুর্ভাবের এই অভাবের সময় তারা কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা পরিশোধের দাবি জানান।

এ বিষয়ে মিলটির ডেপুটি ম্যানেজার ফজলুল হক জানান, ঈদের আগে বেতন দেওয়া হবে।

ইত্তেফাক/এসি