বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

আপডেট : ১৬ মে ২০২০, ১৬:৪৯

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে একটি দেশি এলজি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম নুরুল আনছার প্র. কালু (৪১)। তিনি ওই এলাকার দলিলুর রহমানের ছেলে।

 থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই ব্রিক ফিল্ড মালিক নুরুল আবছার ও জয়নাল আবেদীন ঝুন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই মধ্যে গত মঙ্গলবার রাতে জয়নাল আবেদীন ঝুন্টু’র দুই ভ্রাতুষ্পুত্র মাদ্রাসা ছাত্র মো. খালেদ বিন ওয়ালিদ ও হাফেজ মো. ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হাফেজ মো. খালেদ বিন ওয়ালিদ মারা যায়। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে মারা যায় অপর গুলিবিদ্ধ হাফেজ মো. ইব্রাহিম।

আরও পড়ুন: বাণিজ্যিক উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে

এ ঘটনায় জয়নাল আবেদীন ঝুন্টু বাদি হয়ে নুরুল আবছার ও তার ছোট ভাই নুরুল আনছারসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতদের পরিবার।

শুক্রবার গভীর রাতে ওই এলাকায় এ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে ওই দুই ‍মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আবছারের ছোট ভাই নুরুল আনছার প্র. কালু।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মজুমদার বলেন, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ অবস্থায় হত্যা মামলার আসামি নুরুল আনছারের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসি