সরকার প্রদত্ত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধির শর্ত মেনে না চলায় আগামীকাল রবিবার থেকে সাভারের সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সাভার উপজেলা প্রশাসন। শনিবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি পারভেজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
গণবিজ্ঞতিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত পাঁচ দিন বিভিন্ন মার্কেট শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতারা সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধির ন্যূনতম শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছে। তাই জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আজ রবিবার থেকে সকল ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি, কাঁচাবাজার ও ঔষধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
উল্লেখ্য, গত রবিবার থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকার সকল বড় মার্কেট ও শপিংমল গুলো খুলে দেয়া হয়। এরপর থেকে এসব বিতণিবিতান গুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ফলে বিপণিবিতান ও শপিংমল গুলোতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করার অপরাধে ইতিমধ্যে ২৫ জন ক্রেতা-বিক্রেতাকে মোট ৩৬ হাজার ১শত টাকা জরিমানাও করেছিল ভ্রাম্যমান আদালত।
ইত্তেফাক/এসি
