বিনোদন ডেস্ক
করোনা মোকাবিলায় দেশের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি বহু স্বেচ্ছা সেবী সংস্থায় যেমন অর্থ সাহায্য করেছেন, তেমনই বিভিন্ন সময়ে খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীও গরিবদের হাতে তুলে দিয়েছেন নিজেদের উদ্যোগে। এবার সেই পথেই হাঁটলেন সোনাক্ষী সিনহা। লকডাউনের মধ্যে দিন মজুরদের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। আর এর জন্য তিনি নিলাম করলেন তার নিজের হাতে করা ডিজিটাল প্রিন্ট, স্কেচ ও বড় ক্যানভাস পেন্টিং। তার এই বিড ফর গড উদ্যোগ থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হবে দিন মজুরদের রেশন দেওয়ার জন্য। টুইটারে একটি ভিডিও শেয়ার করে সোনাক্ষী লেখেন, ‘অন্যদের জন্য যদি কিছু করতেই না পারলাম তাহলে আর জীবনে কী করলাম। আমার শিল্প আমার শান্তির জায়গা। এর মাধ্যমে আমি আমার ভাবনাকে প্রকাশ করি এবং অপার আনন্দ পাই। আর এই শিল্প দিয়েই সবার পাশে দাঁড়াতে চাই।’
এখানেই শেষ নয়, তিনি তার ভক্তদের কাছেও আর্জি জানান গরিব-দুঃস্থদের পাশে এসে দাঁড়াতে। তার হাতের কাজ নিলাম করার জন্য সোনাক্ষী যুক্ত হয়েছেন ফ্যান কাইন্ড অফিশিয়ালের সঙ্গে।
