করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে রংপুর জেলার সকল দোকানপাট ও শপিং মল আগের মতো বন্ধ রাখতে এক জরুরি মত বিনিয় সভা করেছে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ, জেলা ও মহানগরের বিভিন্ন খাতের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
সভায় বক্তরা বলেন, ঈদকে সামনে রেখে প্রশাসনিক শিথিলতা ও অর্থনৈতিক কর্মকান্ড চালুর উদ্যোগ হিসেবে সরকার গত ১০মে থেকে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেয়ার ফলে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় ও স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণের মাত্রা। এরই প্রেক্ষিতে রংপুর চেম্বারের পক্ষ থেকে আগামী ১৭মে থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, জীবন আগে বাঁচাতে হবে পাশাপাশি জীবিকা নিয়েও চিন্তা করতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন প্রতিনিয়ত সংক্রমিত হওয়ার ফলে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
আরও পড়ুন: বাণিজ্যিক উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, কেনাকাটা করতে মানুষ যে হারে বাজারে আসছে তা সত্যিই বিপদজ্জনক। সামাজিক দূরত্ব না মানায় করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে ঈদের পর তা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এজন্য তিনি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সভায় বক্তব্য রাখেন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিক সরকার, সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জাভেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, ছালেক মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ টিটু, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহে আলম রিপন, জামাল মার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল আলম বুলবুল, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হায়দার, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ ওবায়দুর রহমান রতন ও দেওয়ানবাড়ী রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু প্রমুখ।
ইত্তেফাক/এসি
