করোনা নিয়ে অক্সফোর্ডের গবেষণা
এএফপি
ব্রিটেনের অভিজাত এলাকায় বসবাসরত মানুষের তুলনায় দরিদ্র এলাকায় বসবাস করা মানুষের মধ্যে করোনার সংক্রমণ চার গুণ বেশি। শনিবার নতুন এক গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়।
অক্সফোর্ড ইউনিভার্সিটি জাতীয় করোনা পরীক্ষা কার্যক্রমের ৩ হাজার ৬০০ লোকের টেস্টের ফল পর্যবেক্ষণ করে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে। এতে দেখা যায়, বঞ্চনা, বয়স ও ক্রনিক লিভার রোগ করোনা পজিটিভ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এর মধ্যে ৬৬০ জনের নমুনা টেস্টের ফলাফলে দেখা যায় ২৯.৫ শতাংশ লোকের করোনা পজেটিভ, যারা দরিদ্র এলাকায় বসবাস করছে। অপরদিকে অভিজাত এলাকায় বসবাসকারীদের করোনা পজিটিভ মাত্র ৭.৭ শতাংশ।
এদের মধ্যে ৪০ থেকে ৬৪ বছরের লোকরা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এদের টেস্টে ১৮.৫ শতাংশ করোনা পজেটিভ পাওয়া গেছে। ১৭ বছরের কম বয়সিদের ক্ষেত্রে এই ঝুঁকি ৪.৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৮.৪ শতাংশ পুরুষ এবং ১৩.৩ শতাংশ নারী।
সমীক্ষায় দেখা যায়, সাদাদের তুলনায় জাতিগতভাবে কালোদের মধ্যে সংক্রমণ চার গুণ বেশি। কালোদের সংক্রমণের হার ৬২.১ শতাংশ , সাদাদের এই সংক্রমণ হার ১৫.৫ শতাংশ। সমীক্ষায় কম আয়ের লোকদের মধ্যেও করোনা সংক্রমণ বেশি দেখা গেছে।
