ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে মো. হাবিব মিয়া (৫০) নামে এক রিকশাচালক মারা গেছেন। গতকাল শনিবার উপজেলার তাজপুরে তিনি মারা যান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। হাবিব মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা। স্ত্রী-সন্তান নিয়ে তিনি উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় বসবাস করছিলেন। ওসমানীনগরের করোনা সংক্রান্ত মেডিক্যাল টিমের প্রধান ডা. শাকিব আবদুল্লাহ চৌধুরী এ তথ্য জানান।
এদিকে ওসমানীনগরে পল্লী বিদ্যুত্ সমিতি সিলেট-১ জোনাল অফিসের এক লাইন টেকনেশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৬ মে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা দিয়ে এসেছিলেন। শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ঐ ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ওসমানীনগরের তাজপুর হাজী মশ্রব আলী কমপ্লেক্সে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। গতকাল মশ্রব আলী কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার এ তথ্য জানান। প্রসঙ্গত, ওসমানীনগরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে।
